ঢাকা থেকে বরিশাল সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরে ইট ছোড়া হয়েছিল—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, ঘটনাটি ছিল দুর্ঘটনাজনিত; সামনের একটি চলন্ত গাড়ির চাকার আঘাতে রাস্তার ওপর থাকা একটি ইটের ছোট টুকরো ছিটকে পেছনের নিরাপত্তা গাড়ির সামনে এসে পড়ে।
ঘটনাটি ঘটে ১৩ জুলাই সকালে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায়। পরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।
প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ড দৈর্ঘ্যের ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশালের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বহর থেকে সড়কের দুই পাশে উপস্থিত মানুষকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। ঠিক তখনই নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে ইটের একটি ছোট টুকরো এসে পড়ে। ভিডিওটি প্রকাশের পর অনেকেই এটিকে ইট নিক্ষেপ বা পরিকল্পিত হামলার ঘটনা বলে প্রচার করেন।
পুলিশ সুপার জানান, ভিডিওটি প্রকাশের পরই পুলিশ, র্যাব এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখে। তদন্ত ও ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন যে, কারও ছোড়া কোনো ইট সেখানে ছিল না। বরং সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগতির গাড়ির চাকার আঘাতে ছিটকে নিরাপত্তা বহরের গাড়ির সামনে চলে আসে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরের পুরো সময় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং যাত্রাপথে অপ্রীতিকর কোনো ঘটনারও প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তর থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।
