প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান।
মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমা তুজ জোহরার জন্য উপযুক্ত একটি চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন।
পরিবারটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ বিন জাহিদ। এর কিছুদিন পরই তার ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের শরীরে ক্যান্সার ধরা পড়ে। কয়েক মাসের ব্যবধানে পরিবারের কর্তা, অর্থাৎ তাদের বাবারও মৃত্যু হয়। ধারাবাহিক এসব ঘটনায় পরিবারটি মানসিক ও আর্থিক সংকটে পড়ে।
পরবর্তীতে জিসানের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবি, তারেক রহমানের উদ্যোগে চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হতে থাকে।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে চিকিৎসা সমন্বয়ের বিষয়টিও উল্লেখ করা হয়। পরিবারের দাবি, জিসানের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে শুরু থেকেই নিয়মিত খোঁজখবর রাখা হয়েছে এবং সেই সহায়তা এখনো অব্যাহত রয়েছে।
