চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্রের নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর গোপনীয়তা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষাকক্ষে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্নপত্র পাঠানো বা বিতরণ করা যাবে না। পরীক্ষা শুরুর পর অব্যবহৃত প্রশ্নপত্র নির্ধারিত বিধি অনুসারে তাৎক্ষণিকভাবে নিরাপদে সংরক্ষণ করতে হবে।
এছাড়া প্রশ্নপত্র বা তার কোনো অংশ কোনো অবস্থাতেই পরীক্ষাকক্ষের বাইরে নেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রসচিব, কক্ষ পরিদর্শক এবং সংশ্লিষ্ট সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে কমিটি।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ পাঠানো হয়েছে।
