মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা. সারওয়ার আলী ও ত্রপা মজুমদার প্রতিনিধিদলকে বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান। তারা সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
জাদুঘর ঘুরে দেখে মন্ত্রী বলেন, বর্তমান প্রদর্শনী ও সংগ্রহ দেশের গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের নানা ঘটনা ও তথ্য আরও বিস্তৃতভাবে সংযোজন করলে জাদুঘরকে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল করা সম্ভব। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

