ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে ইকবাল হোসেন (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত সাদ্দাম ইকবালের চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুরামপুর গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় থাকেন। তার স্ত্রী সোহেলী আক্তার গ্রামেই অবস্থান করতেন। এই সুযোগে রমজানের চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে সোহেলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
কয়েক দিন আগে ইকবাল তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেললে বিষয়টি দুই পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তুমুল উত্তেজনা তৈরি হয়।
শনিবার রাতে দুই পরিবারের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, “পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
