সিলেট মহানগরে কিশোর গ্যাং, মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে মহানগর পুলিশ (এসএমপি)। অভিযানের তৃতীয় দিনে বুধবার (৭ অক্টোবর) ভোর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে মোট ৬১ জনকে আটক করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানার আওতাধীন এলাকা থেকে। সেখানে ১৮ জনকে আটক করা হয়। এ ছাড়া শাহপরাণ (রহ.) থানার এলাকায় ১২ জন, এয়ারপোর্ট থানায় ১১ জন, দক্ষিণ সুরমা থানায় ৮ জন, জালালাবাদ থানায় ৭ জন এবং মোগলাবাজার থানার এলাকায় ৫ জনকে আটক করা হয়েছে।
এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত সিলেট মহানগর পুলিশের নিয়মিত অভিযানে আরও ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন ধরনের মাদক ও ভারতীয় পণ্যও উদ্ধার করেছে। এসএমপির তথ্য অনুযায়ী, এসব অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ২৬টি ইয়াবা বড়ি এবং ৭৮ হাজার ৪০৭ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম জানান, নগরের বিভিন্ন স্থানে অপরাধপ্রবণ কর্মকাণ্ডের ওপর পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে অপ্রয়োজনীয় আড্ডা, মাদক সেবন, জুয়া এবং কিশোরদের দলবদ্ধভাবে চলাফেরার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, বিশেষ অভিযানের উদ্দেশ্য শুধু অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা নয়; অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এমন কিশোরদেরও সতর্ক করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে।

