দেশের সব জেলায় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা ‘আবশ্যক’ বলে উল্লেখ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর, মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্দেশনাটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলি এলাকার অপরাধগুলো আমলে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাঠানো মামলাগুলোর বিচার করে থাকেন। আমলে গ্রহণের পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা, জামিন শুনানি, রিমান্ড শুনানি, বিভিন্ন বিশেষায়িত আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনা, অ্যাফিডেভিট সম্পাদনাসহ নানাবিধ কাজ করে থাকেন।

এতে আরও বলা হয়েছে, আমলি আদালতের বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা দৈনিক কর্মঘণ্টার মধ্যে তার বিচারিক কাজে পর্যাপ্ত সময় দিতে পারেন না বলে সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা আবশ্যক। এমতাবস্থায়, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে কিছু আদালতকে শুধু বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু আদালতকে শুধু আমলি আদালত হিসেবে দায়িত্ব পালনের জন্য নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হলো।

Share.
Leave A Reply

Exit mobile version