তিব্বতের পূর্বাঞ্চলে মাউন্ট এভারেস্টের কাছাকাছি এলাকায় তীব্র তুষারঝড়ে রাস্তা বন্ধ হয়ে পড়ায় প্রায় ১ হাজার পর্যটক ও অভিযাত্রী আটকে পড়েছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল থেকে স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলগুলো আটকে পড়া পর্যটকদের সহায়তায় প্রবেশপথ পরিষ্কার করার কাজ শুরু করেছে। চীনের জিমু নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জিমু নিউজের প্রতিবেদবে বলা হয়, শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার (৪ সেপ্টেম্বর) সারাদিন অব্যাহত থাকে। এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকার সড়কপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এ সময় প্রবেশপথ পরিষ্কারের জন্য শত শত স্থানীয় গ্রামবাসী এবং উদ্ধারকারী মোতায়েন করা হয়। আটকে পড়া কিছু পর্যটককে ইতোমধ্যে পাহাড় থেকে নামিয়ে আনা হয়েছে।
স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানির উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত নোটিশ অনুসারে, তুষারপাত শুরু হয়েছিল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এবং তা শনিবারও অব্যাহত ছিল। ফলে শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়ায় টিকিট বিক্রি এবং প্রবেশ স্থগিত করা হয়েছে।
