ভারতের মণিপুরের ইম্ফলের কাছাকাছি একদল বন্দুকধারীর হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫.৫০ মিনিটে পাটসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাওয়ার সময় আধাসামরিক বাহিনীর ৪০৭ টাটা গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মণিপুর সফরের সময় যে রাস্তায় গিয়েছিলেন, সেখানেই এটি অবস্থিত।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইম্ফল এবং চুরাচাঁদপুরের মাঝখানে অ্যামবুশ স্থানটি অবস্থিত। মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে নাম্বোল সবাল লেইকাই নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। পরবর্তী অভিযানে আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচজন আহত হন।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে।
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এই হামলার কড়া নিন্দা জানান এবং নিহত জওয়ানদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। কর্তব্যরত অবস্থায় জীবন হারানো সৈন্যদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
