ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা ও বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। তিনি বলেছেন, গাজার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে কোনো ধরনের জবাবদিহিতা নেই।

সোমবার (২৫ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এর আগে গত শনিবার আইরিশ টেলিভিশন আরটিই নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, “আমরা এক ধরনের জবাবদিহিতাহীন অবস্থায় আছি”। তিনি গাজার পরিস্থিতিকে বিশ্বের ইতিহাসের এক “বেদনাদায়ক সময়” হিসেবেও উল্লেখ করেন।

হিগিন্স বলেন, ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে বেআইনি কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, অথচ আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ অগ্রাহ্য করছেন। পশ্চিম তীর ও গাজার সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তাবকে তিনি গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও সতর্ক করে বলেন, প্রযুক্তির অজবাবদিহিমূলক ব্যবহার বৈশ্বিক পরিস্থিতিকে অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে, যেখানে মানবিক মূল্যবোধ উপেক্ষিত হবে। প্রেসিডেন্ট হিগিন্স স্পষ্ট করে বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, সেটিকে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করার অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না।”

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে তিনি ‘চ্যাপ্টার সেভেন’ প্রয়োগ করতে পারেন, যা নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই বলপ্রয়োগসহ নানা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা অঞ্চল, দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসাথে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version