দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঠান্ডার প্রভাব বেশি অনুভূত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার উপস্থিতিও বাড়ছে।
শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া উত্তরাঞ্চলসহ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
