জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আব্দুল মোতালেব হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড আরও পাঁচ দিন বাড়িয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এর আগে মামলার তদন্তের স্বার্থে সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুজন হক। প্রথম দফার রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে নতুন করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সরকারবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিলে অংশ নিয়েছিলেন আব্দুল মোতালেব। ওই সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকনও।
এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে এসআরবি। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে দলটির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
