রাশিয়ার আমুর অঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবিমান নিখোঁজ হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের একটি আন-২৪ মডেলের ফ্লাইটের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়
বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনার পরপরই শুরু হয়েছে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে—বিমানে ছিল ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু, যার মধ্যে ৫ জন শিশু। তিনি বলেন, “বিমান খোঁজার জন্য সব ধরনের উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।”
তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাত্রী সংখ্যা কিছুটা কমিয়ে প্রায় ৪০ বলা হয়েছে।
বিমান নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযানে নেমেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, সামরিক বাহিনী এবং হেলিকপ্টার ইউনিট। তবে এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ বা সংকেত পাওয়া যায়নি।
উল্লেখ্য, আন-২৪ মডেলের এই ধরনের বিমান সাধারণত আঞ্চলিক রুটে ব্যবহৃত হয়। তবে এসব বিমানের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, বিশেষ করে দূরপ্রাচ্যের দুর্গম অঞ্চলে। সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দুর্বল ন্যাভিগেশন সিস্টেমের কারণে বিমান চলাচল বরাবরই ঝুঁকিপূর্ণ।
