দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। নতুন করে সদস্য মোতায়েনের ফলে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার দায়িত্ব পালন করছে। এ ছাড়া দেশের আরও ছয় জেলাসহ মোট সাত জেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪৯ প্লাটুন আনসার সদস্য।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত পরিকল্পনার আওতায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন, মোবাইল টহল এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
