ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে পুরো কার্যালয়। এ সময় ভেতরে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে এক নারী বিএনপির কার্যালয়ে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কার্যালয়ের আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, আগুনে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা পেট্রোল নিক্ষেপ করে কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি করেন।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, হাসিলবাগ গ্রামের বিএনপি কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
