রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একটি পিলারের ভেতরে থাকা সরু সুরঙ্গ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভারের একটি পিলারের ভিমের ভেতরের সুরঙ্গ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, ওই নারী ভবঘুরে ও ভাসমান অবস্থায় জীবনযাপন করতেন। ফ্লাইওভারের পিলারের ভেতরের সুরঙ্গটিতেই তিনি সাধারণত ঘুমাতেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারের সময় মরদেহটি পচে ফুলে গিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
