বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এমন পরিস্থিতিতে যৌথ কমিটির ৯১তম বৈঠকে অংশ নিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। তবে ভারতীয় প্রতিনিধি দলের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি রাখা হয়নি বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র।
বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ কমিটির প্রধান কাজ হলো গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা। ভারতের একটি সরকারি সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, এটি মূলত নিয়মিত বৈঠক। এতে কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে।
চুক্তির বিধান অনুযায়ী, ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে প্রতিবছর তিনবার যৌথ কমিটির সভা হওয়ার কথা। চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, সংগৃহীত তথ্যের ভিত্তিতে কমিটিকে প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে পরিচালিত এই কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল গত ২২ মে কলকাতায়।
গঙ্গার পানি বণ্টন চুক্তির সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, চুক্তির শর্তগুলো বাস্তবায়নের দায়িত্ব যৌথ কমিটির ওপর ন্যস্ত। পাশাপাশি চুক্তি কার্যকরের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে তা পর্যালোচনা করা এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয়টিও কমিটির দায়িত্বের অন্তর্ভুক্ত।
তবে যৌথ কমিটির মাধ্যমে কোনো মতপার্থক্য বা বিরোধের সমাধান না হলে বিষয়টি পাঠানো হয় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশন দুই দেশের অভিন্ন নদ-নদীসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হলেও নতুন চুক্তি বা মেয়াদ বাড়ানোর বিষয়টি আলোচ্যসূচিতে না থাকায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
