দুবাইয়ের স্বর্ণবাজারে আবারও দরপতন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বাজার খোলার পর স্বর্ণের দাম কমে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস।
দুবাই জুয়েলারি গ্রুপের প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, বুধবার ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৮ দিরহাম কমে দাঁড়িয়েছে ৪৫৬ দশমিক ২৫ দিরহামে।
একইভাবে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও কমেছে। বর্তমানে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণ ৪২২ দশমিক ৫০ দিরহাম, ২১ ক্যারেট ৪০৫ দশমিক ২৫ দিরহাম, ১৮ ক্যারেট ৩৪৭ দশমিক ২৫ দিরহাম এবং ১৪ ক্যারেট স্বর্ণ ২৭১ দিরহামে বিক্রি হচ্ছে।
শুধু দুবাই নয়, আন্তর্জাতিক বাজারেও মূল্যবান ধাতুর দর নিম্নমুখী। বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৮২ ডলারে নেমেছে। পাশাপাশি রুপার দামও ৩ দশমিক ৪৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই দুবাইয়ে স্বর্ণের দাম ৫০০ দিরহামের নিচে রয়েছে। সাম্প্রতিক দরপতনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচার মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন ধারণা বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে।
তিনি জানান, সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৬ দশমিক ৫ শতাংশ হিসেবে দেখছিলেন বিনিয়োগকারীরা। এমনকি ২০২৭ সালের মার্চের মধ্যে একাধিকবার সুদের হার বাড়ানোর আশঙ্কাও তৈরি হয়েছে।
বিজয় ভালেচা আরও বলেন, মঙ্গলবার সকালে স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও সামগ্রিক বাজার পরিস্থিতি এখনো দুর্বল। টানা তিন মাস ধরে ভোক্তা মূল্যস্ফীতির পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় ফেডের নীতিতে কঠোর অবস্থানের সম্ভাবনা বেড়েছে। ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও মূল্যস্ফীতি বাড়তে থাকলে সুদের হার অর্ধ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর পক্ষে অবস্থান নিতে পারেন বলে জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ার প্রত্যাশায় মার্কিন ডলারের মান ও বন্ডের মুনাফা বৃদ্ধি পাচ্ছে। এতে স্বর্ণের ওপর চাপ তৈরি হচ্ছে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না এবং আন্তর্জাতিক বাজারে এর দাম ডলারে নির্ধারিত হয়। ফলে শক্তিশালী ডলারের সময়ে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে।
