যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শেষবার ফোনে কথা বলেছিলেন জো বাইডেন। সেই কথোপকথনে নেতানিয়াহুর প্রতি নিজের ভালোবাসা ও সমর্থনের কথা জানিয়েছিলেন তিনি। এমনকি গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ব্যাপক বেসামরিক প্রাণহানির মধ্যেও নেতানিয়াহুকে বলেছিলেন, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’
২০২৫ সালের জানুয়ারিতে দুই নেতার মধ্যে ওই ফোনালাপ হয়। বাইডেনের আসন্ন স্মৃতিকথা প্রমিজ মি, আমেরিকা থেকে এ তথ্য সামনে এসেছে। স্মৃতিকথার একটি অংশ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
স্মৃতিকথায় বাইডেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ফোনালাপে তিনি নেতানিয়াহুকে বলেন, ‘আপনি কঠিন সময় পার করছেন। আপনাকে আমি কতটা পছন্দ করি, তা হয়তো বোঝাতে পারব না। নানা বিষয়ে আমাদের মতবিরোধ ছিল। তবে আপনি জানেন, আমি এখনো আপনাকে ভালোবাসি, প্রিয় ভাই।’
এ সময় নেতানিয়াহুর ব্যক্তিগত দৃঢ়তারও প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, কীভাবে নেতানিয়াহু এত কঠিন পরিস্থিতি সামলেছেন, তা তিনি জানেন না। ভবিষ্যতে নিজে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে নেতানিয়াহুর কথা মনে করবেন বলেও জানান। পাশাপাশি তাকে একজন ভালো মানুষ উল্লেখ করে বাইডেন বলেন, নেতানিয়াহু যা করেছেন, তার জন্য সাহসের প্রয়োজন ছিল এবং তিনি তাকে সমর্থন করেন।
তবে স্মৃতিকথায় নেতানিয়াহুর প্রতি শুধু প্রশংসাই নয়, সমালোচনাও রয়েছে বাইডেনের। গাজার বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সামরিক অভিযান বন্ধের বিষয়ে নেতানিয়াহু তাকে আশ্বাস দিয়েছিলেন বলে উল্লেখ করেছেন তিনি।
বাইডেনের অভিযোগ, পরবর্তী সময়ে নেতানিয়াহু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। ফলে দুই নেতার ব্যক্তিগত সৌহার্দ্যের পাশাপাশি গাজা যুদ্ধ নিয়ে তাঁদের মতপার্থক্যের বিষয়টিও স্মৃতিকথায় উঠে এসেছে।
