গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ দাবি করেছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে থানায় আগুন দেওয়া, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, পুলিশের ওপর আক্রমণ এবং সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
দলটির দাবি, এসব ঘটনার কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানের কথা বললেও মাঠপর্যায়ে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেছে জামায়াত।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে ব্যবধান বাড়তে থাকলে জনগণের আস্থার সংকট আরও গভীর হতে পারে।
এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে সহিংসতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
