গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে দলটির প্রতি স্থানীয় মানুষের গভীর আবেগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর ভাষায়, এ অঞ্চলের অনেক মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করেন।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চার সমর্থক নিহত হন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে বর্তমান বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনেরও প্রাণহানি চায় না বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন।
তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সেই সরকারের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের কোনো সরকারের মতো বেপরোয়া আচরণ করতে পারে না।
পোস্টে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি স্মরণ করিয়ে দেন, গোপালগঞ্জের পরিস্থিতির সময় এনসিপির কয়েকজন শীর্ষ নেতা—নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ অন্যদের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর সাঁজোয়া যান বা এপিসিতে করে ঢাকায় ফিরতে হয়েছিল বলে তাঁর দাবি। সে সময় দলের নেতাকর্মীদের কেউ কেউ সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে তাঁদের উদ্ধারের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের মতে, গোপালগঞ্জে আওয়ামী লীগের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রভাব অনেক গভীর। এ অঞ্চলের মানুষের মনোভাব বিবেচনায় নিয়ে পরিস্থিতি সামাল দিতে হলে ধৈর্য ও কৌশলের সঙ্গে এগোতে হবে। তাঁর ভাষায়, স্থানীয় মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে তাড়াহুড়ো না করে সতর্ক ভূমিকা নেওয়া প্রয়োজন।
