Close Menu
    What's Hot

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!
    ● সর্বশেষ

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 2026No Comments4 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) নতুন এক গবেষণায়। সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। একই সঙ্গে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকদের একটি অংশ পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গবেষণা অনুযায়ী, বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের বার্ষিক পরিমাণ প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

    স্বাস্থ্য খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে তৈরি সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

    প্রতিবেদনে সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায়ও বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির পাশাপাশি প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি কিছু সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনার তথ্যও পাওয়া গেছে।

    বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

    প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম কারণ হলো দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব এবং স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা। তদারকির বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতাও অনিয়ম বাড়াচ্ছে। তার মতে, শুধু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেই সমস্যার সমাধান হবে না; বরং প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে সততা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতও মনে করেন, ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুরো স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামগ্রিক ও কাঠামোগত পরিবর্তন। তিনি বলেন, আর্থিক দুর্নীতি ও দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ কোনো গোষ্ঠীর সুবিধার জন্য সরকারি নীতি প্রভাবিত করাও দুর্নীতির অন্তর্ভুক্ত।

    গবেষণায় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি ও হয়রানির নানা দিক তুলে ধরা হয়েছে। কোথাও দালালদের মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, কোথাও শয্যা বরাদ্দ কিংবা হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে নেওয়া হচ্ছে অবৈধ টাকা। আবার অনেক ক্ষেত্রে রোগীদের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর অভিযোগও রয়েছে।

    প্রতিবেদনে এমন একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। পরে জানা যায়, ওই ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। অভিযোগের পর সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে তাকে অন্য জায়গায় বদলি করা হয়।

    চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়টিও গবেষণায় গুরুত্ব পেয়েছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। প্রত্যন্ত এলাকার কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে পরিচালিত অন্য একটি গবেষণায় অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি বলে উঠে এসেছে। এমনকি কর্মস্থলে উপস্থিত না থেকেও নিয়মিত বেতন-ভাতা নেওয়া কিছু চিকিৎসকের বিষয়েও প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

    এ ছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করেছেন গবেষকেরা। এ প্রসঙ্গে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও তুলে ধরা হয়েছে।

    নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনের কাছাকাছি সরকারের সঙ্গে সম্পৃক্ত। পর্যালোচনায় আসা ছয়টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

    চিকিৎসায় অবহেলার অভিযোগের বিচার ও নিষ্পত্তি প্রক্রিয়াও যথেষ্ট ধীরগতির। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৯টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আর ২৯টি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও চিকিৎসাশিক্ষার মান নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১১৮টিতে। তবে প্রতিষ্ঠান বাড়ার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান যাচাই ও তদারকির সক্ষমতা বাড়েনি।

    স্বাস্থ্য খাতের এসব অনিয়ম বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও দিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ। রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার কিংবা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    একই সঙ্গে চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে স্বচ্ছতা আনতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার কথাও বলা হয়েছে।

    সরকারি কেনাকাটার প্রতিটি ধাপের তথ্য জনসমক্ষে প্রকাশ, কেনা চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের আইনি সুরক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

    এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা বাড়াতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং স্বাধীন আপিলব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

    সব মিলিয়ে গবেষণাটি দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা এবং চিকিৎসাসেবার বাণিজ্যিকীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 20261 Views

    চীনের প্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 2026
    Top Trending

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 20261 Views

    চীনের প্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের…

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 20260 Views

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি…

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 20260 Views

    দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.