দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ভোলায়। বাপেক্সের তত্ত্বাবধানে জেলার ভোলা নর্থ-৩ নামের আরও একটি গ্যাসকূপের খননকাজ শেষ হয়েছে। এখন কূপটিতে কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, তা জানতে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কূপটির গ্যাসের প্রবাহ ও মজুত যাচাইয়ের জন্য ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি কার্যক্রম শুরু করেন প্রকৌশলীরা। এ সময় পরীক্ষার অংশ হিসেবে কূপে আগুন প্রজ্বালন করা হয়। এটি ভোলার দশম গ্যাসকূপ।
প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিনের প্রত্যাশা, পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খনন কার্যক্রম শুরু হয়। প্রায় দেড় মাসের প্রচেষ্টায় ২২ অক্টোবর খনন শেষ করা হয়। এরপর ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোলা অঞ্চলে এবারই প্রথম খননকাজে যুক্ত হয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এর আগে রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম জেলায় সাতটি গ্যাসকূপ খনন করেছিল।
প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, ভোলা নর্থ-৩ কূপের গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার পর্যন্ত নেওয়া হয়েছে। মূল পরীক্ষা শুরুর আগে টেস্ট স্ট্রিং এবং সারফেস ফ্লোলাইনের চাপ যাচাই করা হয়। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে কূপটির প্রকৃত উৎপাদন সক্ষমতা নিশ্চিত হতে ডিএসটির ফলাফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের প্রবাহের পরিমাণ, চাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত উৎপাদন সম্ভাবনা নির্ধারণ করা হবে।
ভোলায় গ্যাস থাকলেও সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা
ভোলায় নতুন গ্যাসকূপের খনন ঘিরে স্থানীয়দের মধ্যে আনন্দ দেখা গেলেও দীর্ঘদিনের একটি অভিযোগ আবারও সামনে এসেছে। জেলার মাটির নিচে বিপুল গ্যাসসম্পদ থাকার পরও সাধারণ মানুষ আবাসিক পর্যায়ে গ্যাস ব্যবহারের সুযোগ পাচ্ছেন না।
স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুলের দাবি, জেলায় বর্তমানে ১০টি গ্যাসকূপ খনন করা হয়েছে এবং গ্যাসের সম্ভাব্য মজুত প্রায় ৩ ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকলেও বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। আবাসিক ও গৃহস্থালি প্রয়োজনে প্রয়োজন হতে পারে মাত্র ১ মিলিয়ন ঘনফুট।
এদিকে ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়ার আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও উঠেছে।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে আবাসিক গ্যাস সংযোগ চালু, স্থানীয় গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তোলা এবং অন্যান্য উন্নয়নমূলক দাবিসহ ছয় দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। রোববার চরফ্যাশনের চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে এই কার্যক্রমের সূচনা করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন নতুন গ্যাসকূপ আবিষ্কারের পাশাপাশি এবার ভোলার মানুষও নিজেদের এলাকার প্রাকৃতিক সম্পদের সুফল ভোগ করতে পারবেন। আবাসিক সংযোগ ও শিল্পায়নের দাবিতে জেলাটিতে দীর্ঘদিন ধরে অসন্তোষ এবং আন্দোলন অব্যাহত রয়েছে।
এখন দেখার বিষয়, ভোলা নর্থ-৩ কূপের পরীক্ষায় শেষ পর্যন্ত কী পরিমাণ গ্যাসের সন্ধান মেলে এবং এই সম্পদ স্থানীয় অর্থনীতি ও জাতীয় জ্বালানি খাতে কতটা অবদান রাখতে পারে।
