গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সংসদ সদস্যের গাড়িবহরসহ অন্তত ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের মধ্য দিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশ করছিল সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহর। বহরের দুটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য নিরাপদে রয়েছেন।
অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত হন মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
