দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়েও রূপ নেওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঝড়টির গতিপথ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির বিষয়টি জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। গণমাধ্যমকে তিনি বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
সম্ভাব্য গতিপথ নিয়ে এই আবহাওয়াবিদ জানান, নিম্নচাপ তৈরি হওয়ার পর এটি কোন দিকে অগ্রসর হচ্ছে, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। প্রাথমিকভাবে এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে থাকতে পারে। তবে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৩ মিলিমিটার। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
