২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পাশাপাশি স্থগিত করা হয় জাতীয় পরিচয়পত্রের নম্বর।
সম্প্রতি লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে প্রতিষ্ঠানটি দাবি করেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং ভারতে তাঁর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে আশ্রয় দিয়ে রাখা দিল্লির জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। এতে শুধু বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নের মুখে পড়ছে ভারত সরকার।
বিশেষ করে গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক সরকারপ্রধানকে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে, তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো। তবে এ বিষয়ে অতীতে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা হলেও নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াকেই সবচেয়ে বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে দিল্লি।
এ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে আবারও সক্রিয় করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের নীতিনির্ধারকদের একটি অংশ।
বিবিসির প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের দুটি প্রধান শর্ত রয়েছে।
প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাঁকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও বাংলাদেশের সেনাবাহিনীকেই করতে হবে। এ ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ পাঠিয়ে আকাশপথে তাঁকে ফিরিয়ে নেওয়া অথবা স্থলসীমান্তের নির্ধারিত কোনো স্থানে তাঁকে গ্রহণ করার সুযোগ থাকতে পারে। প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
দ্বিতীয় শর্তটি হলো, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাইয়ের গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে পরিচালনার সুযোগ থাকে—এ বিষয়ে নিশ্চয়তা চায় ভারত।
তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠতে পারে—এ বিষয়টি নিয়েও দিল্লি সতর্ক থাকতে চাইছে। এ কারণে প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নয় ভারতীয় কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে উদ্ধৃত এক ভারতীয় কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিতে চায় না দিল্লি। বরং তাঁর জন্য নতুন করে ন্যায়বিচার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ভারত।
এ ছাড়া বিচারপ্রক্রিয়াটি যেন আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে থাকে, সেটিও ভারতের বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সব মিলিয়ে, এই দুই শর্তের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে কয়েক মাস ধরেই ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে জানিয়েছে বিবিসি।
