বাংলাদেশের মাটিতে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে আবারও রাজনীতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, যারা মনে করছেন সহিংসতা ও আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব, তারা এখনো এ দেশের মানুষের মনোভাব বুঝতে পারেননি।
বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং কীভাবে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করেন আসাদুজ্জামান।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার রক্ষার উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গত প্রায় নয় মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথ অনুসরণ করেনি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মিথ্যা মামলা দেওয়ার পুরোনো প্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্য ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে দেশ পরিচালনার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে এবং সব ধরনের অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সাংবাদিকতার ভূমিকা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় হয়রানি বা অন্যায়ের শিকার হয়ে প্রতিকার না পেলে গণমাধ্যমের দ্বারস্থ হন। ফলে সাংবাদিকতা মানুষের আস্থার একটি গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়েছে। এই বিশ্বাস ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সাংবাদিকতার পেশাগত সম্মান রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এ ধরনের প্রবণতা প্রতিরোধ করা জরুরি। এ কাজে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে ভুল থাকলে তা নির্ভয়ে সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও আপত্তি নেই। তবে সরকারের ইতিবাচক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডও সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। এ সময় ফোরামের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
