বিশ্বজুড়ে জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের একাধিক ডিজিটাল সেবায় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ইমেইল সেবা আউটলুক ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক গ্রাহক। পাশাপাশি প্রতিষ্ঠানটির টিমস, কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫ প্ল্যাটফর্মেও বিভিন্ন ত্রুটির অভিযোগ উঠেছে।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম বৃহস্পতিবার দুপুর ১টার পরপরই আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানান প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী। অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কিছুটা কমলেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। অনেক গ্রাহক এখনো ইমেইল পাঠানো ও গ্রহণ করা এবং ইনবক্স খুলতে সমস্যার কথা জানিয়েছেন।
শুধু আউটলুক নয়, মাইক্রোসফটের অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাও এই বিভ্রাটের প্রভাব থেকে রেহাই পায়নি। প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্রভিত্তিক যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারের ক্ষেত্রেও হাজার হাজার অভিযোগ জমা পড়েছে।
পরিস্থিতি সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, তারা সমস্যাগুলো শনাক্ত করে সমাধানের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ইমেইল ও টিমস সেবায় ব্যবহারকারীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ আমেরিকা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে ব্যবহারকারীরা এক্সচেঞ্জ অনলাইনের মেইলবক্সে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। একাধিক সংযোগ পদ্ধতি ব্যবহার করেও অনেক গ্রাহক স্বাভাবিক সেবা পাচ্ছেন না।
পরবর্তী হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানায়, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর একটি অংশে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এর ফলে সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে জটিলতা দেখা দিতে পারে। প্রতিষ্ঠানটির প্রাথমিক অনুসন্ধানে আরও উঠে এসেছে, স্বয়ংক্রিয় যাচাইকরণ প্রক্রিয়ায় ত্রুটি হওয়ায় কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়েছে।
তবে এই ত্রুটির পেছনে সুনির্দিষ্ট কারণ কী, তা এখনো বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। সমস্যার প্রভাব কমাতে সম্ভাব্য সমাধানগুলো পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এক্সে প্রকাশিত মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস অ্যাকাউন্টের বার্তায় বলা হয়েছে, গ্রাহকদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে দিনের শুরুতে উত্তর আমেরিকায় মাইক্রোসফট টিমসের কিছু সমস্যা সমাধানের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে সেই ঘোষণার পরও বেশ কয়েকজন ব্যবহারকারী সংযোগজনিত জটিলতার কথা জানিয়েছেন।
সব মিলিয়ে মাইক্রোসফটের একাধিক গুরুত্বপূর্ণ সেবায় এই বিভ্রাটের কারণে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
