বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবার সামুদ্রিক মাইনের আঘাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিবাহী একটি ট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনী। একই সঙ্গে প্রণালির নির্ধারিত পথ ছেড়ে অননুমোদিত দক্ষিণ দিকের জলপথ ব্যবহার না করতে জাহাজগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।
শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতি অনুযায়ী, বারবার সতর্ক করার পরও এলপিজিবাহী ট্যাংকারটি বিপজ্জনক দক্ষিণ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে জাহাজটি পানির নিচে থাকা একটি সামুদ্রিক মাইনের সংস্পর্শে এলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
ইরানি বাহিনীর দাবি, এর আগেও একই ধরনের সতর্কতা উপেক্ষা করে কয়েকটি তেলবাহী জাহাজ বিপদের মুখে পড়েছিল। কিন্তু সেই ঘটনাগুলো থেকে শিক্ষা না নিয়ে নতুন ট্যাংকারটি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে। এমনকি নিরাপদে পার হওয়ার জন্য মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার ওপরও নির্ভর করেছিল জাহাজটি বলে দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে কার্যকর রাখছে ইরানের নৌবাহিনী। দেশটির নির্ধারিত নিয়ম অমান্য করে কিংবা সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের উপস্থিতি এবং ট্যাংকারে বিস্ফোরণের এই দাবি আন্তর্জাতিক জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে। কারণ, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
