দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানোর অভিযোগ তুলে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকারও কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ড চালালেও জামায়াত ও এনসিপি সেই পরিস্থিতিকে উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরার রাজনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের সমর্থনপুষ্ট বিরোধী দল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বারবার অশোভন আচরণ করছে। মন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্যের প্রতিক্রিয়াতেও সেই মনোভাব প্রকাশ পেয়েছে বলে দাবি করেন তিনি।
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতা ঠেকাতে কাজ করছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও প্রশ্নের বাইরে নয়। তাঁর মতে, আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করছে আর জামায়াত ও এনসিপি সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
বিরোধী দলের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর এই সহকারী। তিনি বলেন, আওয়ামী লীগের কথিত নাশকতা মোকাবিলায় বিরোধী দলকে রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিতে দেখা যাচ্ছে না। বরং সরকার দুর্বল হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে—এমন রাজনৈতিক হিসাব থেকেই তারা বর্তমান পরিস্থিতিকে দীর্ঘায়িত হতে দিতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো রাজনৈতিক ফাঁদে পড়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি আরও দাবি করেন, গোপন বৈঠকের তথ্য প্রকাশ পাওয়ার আশঙ্কায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী বক্তব্য থেকে সরে এসে জামায়াত ও তাদের মিত্ররা এখন বিএনপি সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ ও জামায়াতের কথিত যৌথ রাজনৈতিক তৎপরতা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
