মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকায় আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের শুরুতে এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা কমলেও পরবর্তী সময়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ২৭ সেন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ ডলার ৮০ সেন্টে। গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৩২ মিনিটে এসব দর রেকর্ড করা হয়।
তবে দিনের প্রাথমিক লেনদেনে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমে গিয়েছিল। পরবর্তী সময়ে বাজারের পরিস্থিতি বদলে যায়।
বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা থমকে থাকলেও মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারের ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করছে। ফলে অঞ্চলটির উত্তেজনা অব্যাহত থাকলে তেলের দামে আরও ওঠানামা দেখা যেতে পারে।
