কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এ ঘটনায় পেট্রল বোমা ব্যবহারের অভিযোগ উঠলেও প্রাথমিক তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি তুলে ধরেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন করেন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করা যায় কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে কেউ বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা অন্য একটি বাড়িতে থাকতেন। অগ্নিকাণ্ডের শিকার বাড়িটিতে দুটি ছাগল ও কিছু আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ছিল।
মন্ত্রী আরও জানান, বাড়িটিতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকা এবং বৈদ্যুতিক তারের সংযোগ পুরোনো হওয়ার কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।
