তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি পরিদর্শন করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন তিনি। শিক্ষার্থীরা বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে জানার পাশাপাশি এসব নিয়ে আরও পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন।
তাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ ছোট-বড় মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটপণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। কয়েকজন প্রতিনিধি বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
