বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বৈশ্বিক বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। মাসটিতে সব মিলিয়ে বিক্রি হয়েছে ২০ লাখ ৯০ হাজার গাড়ি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের (বিএমআই) প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিএমআইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে আগের বছরের তুলনামূলক দুর্বল বিক্রির প্রভাব এবং ইউরোপে ধারাবাহিক চাহিদা বৃদ্ধি বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়াতে সহায়তা করেছে।
তবে এবারের প্রবৃদ্ধির পেছনে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর রপ্তানি কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের ডেটা ম্যানেজার চার্লস লেস্টার রয়টার্সকে জানান, চীনের নিজস্ব বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কিছুটা কমে যাওয়ায় দেশটির নির্মাতারা বিদেশি বাজারের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে চীনা বৈদ্যুতিক গাড়ির সরবরাহ বেড়েছে এবং সামগ্রিক বিক্রিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্লেষকদের মতে, চীনের রপ্তানি সম্প্রসারণ এবং ইউরোপের বাজারে ক্রমবর্ধমান চাহিদা বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। ফলে বিশ্ববাজারে এই খাতের প্রতিযোগিতা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।
