মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশটিতে যেতে একজন কর্মীর খরচ হবে সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা। এর চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য যেসব মেডিকেল সেন্টার স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে পারবে, আগামী সপ্তাহের মধ্যেই সেগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এদিকে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই উদ্যোগের প্রাথমিক ধাপ হিসেবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় পৌঁছানোর পর কোনো কর্মী কাজ না পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
