বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকদের একটি অংশ। এ সময় কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরের পর গাজীপুরের কোনাবাড়ি এলাকার জরুনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে জরুন এলাকার দিকে অগ্রসর হন। পথে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে তারা ইট ও পাথরের টুকরো ছুড়তে থাকেন। ওই সময় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বেলা ৩টার দিকে একই দাবিতে মন্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ে জড়ো হন। এ সময় তারা আশপাশের ছয় থেকে সাতটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তার কারণে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।
