বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ব্যক্তিগত জীবনের মজার একটি বিষয় প্রকাশ করেছেন সাইফ। স্ত্রীর রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে ঘি মাখার অভ্যাস নিয়ে রসিকতা করে তিনি হাসিয়েছেন টেলিভিশন অনুষ্ঠানের দর্শকদের। কমেডিয়ান কপিল শর্মার শোয়ে দেওয়া সাইফের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ২০০৮ সালে ‘তশন’ সিনেমার শুটিংয়ের সময় তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ দাম্পত্যজীবনে এই জুটির সংসারে এসেছে দুই ছেলে—তৈমুর ও জেহ।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ ও কারিনা। অনুষ্ঠানে তাদের দীর্ঘদিনের দাম্পত্যজীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য জানতে চান উপস্থাপক কপিল শর্মা। উত্তরে কারিনা জানান, তাদের বাড়িতে ঘি খাওয়ার প্রচলন বেশ বেশি।
কারিনার কথা শেষ হওয়ার আগেই সাইফ মজা করে বলেন, শুধু খাবারেই নয়, রাতে ঘুমাতে যাওয়ার সময় কারিনা পায়েও ঘি ব্যবহার করেন। স্বামীর কথার সঙ্গে একমত হয়ে কারিনা জানান, পায়ে ঘি মাখা ত্বকের জন্য ভালো।
এরপর দম্পতির রাতের সময় কাটানোর অভিজ্ঞতা নিয়ে আরও একটি মজার মন্তব্য করেন সাইফ। তিনি রসিকতা করে বলেন, চারপাশে রোমান্টিক পরিবেশ থাকলেও তাদের শোবার ঘর থেকে নাকি রাতের বেলা ধাবার মতো গন্ধ বের হয়।
সাইফের এমন মন্তব্য শুনে পুরো স্টুডিওতে হাসির পরিবেশ তৈরি হয়। কারিনাও হাসি থামাতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত অর্চনা পূরণ সিংকে ঘিরেও কপিল শর্মা নানা মজার কথাবার্তায় মেতে ওঠেন।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। কারিনাকে মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলি খান।
