আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের জন্য আসতে পারে সুখবর। দীর্ঘ বিরতির পর আবারও নিজ দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে ফুটবল তারকা লিওনেল মেসিকে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার জনপ্রিয় দল রিভার প্লেটের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে।
পরিকল্পনা চূড়ান্ত হলে ২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আইরেসে অনুষ্ঠিত হতে পারে ম্যাচটি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিয়ন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জানুয়ারি ম্যাচ আয়োজনের বিষয়ে দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে রিভার প্লেটের বিখ্যাত স্টেডিয়াম এস্তাদিও মাস মনুমেন্তাল।
মেসির কাছে এই মাঠের রয়েছে বিশেষ আবেগ ও স্মৃতি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটি তিনি এই স্টেডিয়ামেই খেলেছিলেন। সে সময় রিভার প্লেট কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক সদস্যপদ, স্মারক ক্রেস্ট ও বিশেষ জার্সি দিয়ে সম্মানিত করে। এবার প্রীতি ম্যাচটি বাস্তবায়িত হলে সেই পরিচিত মাঠেই আবারও খেলতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই তারকাকে।
ম্যাচটি অনুষ্ঠিত হলে ইন্টার মিয়ামির ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে খেলতে নামবে ক্লাবটি। অন্যদিকে, রিভার প্লেটের বিপক্ষে ক্লাব পর্যায়ে দ্বিতীয়বারের মতো মাঠে নামার অভিজ্ঞতা হতে পারে মেসির। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা।
তবে এখন পর্যন্ত প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইন্টার মিয়ামি বা রিভার প্লেট। তাই ম্যাচের চূড়ান্ত তারিখ, টিকিট বিক্রি কিংবা সম্প্রচারের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সমর্থকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—ম্যাচটি হলে মাঠে কি দেখা যাবে লিওনেল মেসিকে? এ বিষয়ে নিশ্চিত হতে ইন্টার মিয়ামির প্রাক-মৌসুম সূচি এবং চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষা করতে হবে।
মেসির পাশাপাশি ইন্টার মিয়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও দলের সঙ্গে এই সফরে যেতে পারেন বলে আলোচনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মেসিকে নিজ দেশের মাঠে দেখার সুযোগ ঘিরে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হতে পারে ব্যাপক উন্মাদনা।
