২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে আগামী ডিসেম্বরে মাঠে নামছে আটটি দল। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ পর্ব আয়োজনের জন্য নেপালকে নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ইতালি। একই দিনে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে লড়াইয়ে নামবে নামিবিয়া ও উগান্ডা।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য চারটি দল হলো কানাডা, কুয়েত, জার্সি ও সংযুক্ত আরব আমিরাত। আট দলের এই লড়াই থেকে চারটি দল জায়গা করে নেওয়ার সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে।
ইতোমধ্যে ১০ দলের চূড়ান্ত বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া দলগুলোর বাইরে শীর্ষ দুটি দল হিসেবে তারা এই সুযোগ পেয়েছে। অন্যদিকে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।
এ ছাড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ প্রতিযোগিতা থেকে বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান।
১০ দলের মূল বাছাইপর্বের লড়াই শেষে চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার টিকিট পাবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই আসর।
অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দলগুলোকে খেলতে হবে সুপার সিরিজে। ফলে বিশ্বকাপে জায়গা করে নিতে দলগুলোর সামনে থাকছে গুরুত্বপূর্ণ লড়াই।
