চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। সাংবাদিক রাজুর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে পরীমণিকে বয়কটের ডাক দেন তারা। এ সময় অভিনেত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেওয়া ব্যক্তিরা বলেন, সংবাদকর্মীরা সাধারণ মানুষের সামনে সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরার দায়িত্ব পালন করেন। কিন্তু সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষও সঠিক তথ্য জানার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
বক্তারা আরও বলেন, কোনো সাংবাদিকের সঙ্গে অসম্মানজনক আচরণ শুধু ব্যক্তিগত অপমানের বিষয় নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের সঙ্গেও জড়িত।
তাদের বক্তব্যে উঠে আসে, জনপ্রিয় তারকা হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।
এ সময় সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিনিধিরাও পরীমণির বিরুদ্ধে ওঠা আচরণগত অভিযোগের নিন্দা জানান। পরে উপস্থিত ব্যক্তিরা অভিনেত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করে নিজেদের প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর জামিন পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর সঙ্গে পরীমণির অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করেই চট্টগ্রামে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
