দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের কারণে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির মোতায়েন করা সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
অন্যদিকে গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকাতেও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ জন্য লাইভ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে নিরাপত্তা বজায় রাখা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে রাখতে তাদের এই নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
