দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। একই সঙ্গে বাড়ছে কুয়াশার ঘনত্ব। ফলে সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি আগের তুলনায় বেশি অনুভূত হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টা ও ৯টার পরিমাপেও একই তাপমাত্রা পাওয়া গেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক দিন ধরেই পঞ্চগড়ের তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা কিছুটা কমে আসায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা অনুভূত হয়। গভীর রাতে শীত আরও বাড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাতে অনেকেই কম্বল ব্যবহার করছেন। সকালে ঘরের বাইরে বের হতেও প্রয়োজন হচ্ছে গরম পোশাকের।
বিশেষ করে রাত ও ভোরে ঠান্ডা বাতাসের কারণে বিপাকে পড়ছেন রিকশাচালক ও মোটরসাইকেল চালকেরা। জীবিকার প্রয়োজনে বাইরে বের হলেও শীতল বাতাসে তাদের স্বাভাবিক কাজকর্ম কিছুটা কষ্টকর হয়ে উঠছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে। রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ১০০ শতাংশ।
অন্যদিকে, শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এই কর্মকর্তা আরও জানান, আগামী কয়েক দিনে ধাপে ধাপে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে সামনের দিনগুলোতে পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
