খুলনার কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিককে আহ্বায়ক এবং নাসরুল্লাহ শরীফকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) খুলনা জেলা এনসিপির আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে নবগঠিত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. মোক্তার হোসেন। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এমএম আব্দুল ওহাব, আব্দুল কাদের রাজু এবং মো. জাহাঙ্গীর আলম।
অন্যদিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আজহারুল ইসলামকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরীফুল ইসলাম, মো. আব্দুর রহিম ও শায়েখ ফরিদ উদ্দিন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও মো. রাসেল আহমেদ। আর দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আতাউর রহমান।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কয়রা উপজেলায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছে জাতীয় নাগরিক পার্টি।
