পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এবং কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন ও পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনাকে একইভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, পোশাকশ্রমিকদের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করেছে। শ্রমিক নেতারাও জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পোশাকশিল্পে অস্থিরতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সূত্র থেকে অনেক তথ্য পৌঁছায়। সাম্প্রতিক ঘটনাগুলোতে তাঁর আশঙ্কার কিছু প্রতিফলন দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এক বিষয়। কিন্তু কারখানা ভাঙচুর, যানবাহনে আগুন দেওয়া কিংবা পুলিশবক্সে অগ্নিসংযোগ সম্পূর্ণ ভিন্ন বিষয়।
বিরোধী দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে রিজভী বলেন, উত্তেজনা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের উসকানি বড় ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারে।
তিনি জানান, বিশৃঙ্খলা ও নৈরাজ্য মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
