মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতারের আমিরি দিওয়ানের এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প ফোন করে আমিরের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় উত্তেজনা কমাতে কাতারের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টিও উঠে আসে।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ তামিম সংঘাতের বিস্তার রোধ এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করছেন ইরানের শীর্ষ কূটনীতিক।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ধাক্কার পর ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
