মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ সাত দেশের মোট ৩১২ জন বিদেশি নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে জোহর রাজ্য অভিবাসন বিভাগ এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পেকেনানাস অভিবাসন আটককেন্দ্রে স্থাপিত বিশেষ দায়রা আদালতে তাদের বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আদালতে হাজির হওয়া বিদেশি নাগরিকদের বয়স ১৯ থেকে ৫৬ বছরের মধ্যে। তাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, নেপাল, পাকিস্তান ও চীনের নাগরিক রয়েছেন।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ৩১২ জনের মধ্যে ১৯৬ জনের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট কিংবা মালয়েশিয়ায় অবস্থানের অনুমতিপত্র না থাকার অভিযোগ আনা হয়। আদালতে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে প্রত্যেককে গ্রেফতারের দিন থেকে কার্যকর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে আরও ১১০ জনকে আদালতে তোলা হয়। তারাও দোষ স্বীকার করেন। পরে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একটি প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার এক নাগরিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ ও মিয়ানমারের দুই নাগরিক নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাদের মামলার পরবর্তী শুনানির তারিখ যথাক্রমে ১৯ নভেম্বর ও ৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে জোহর রাজ্য অভিবাসন বিভাগ।
বিভাগটি জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।
