ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগপূর্ণ বার্তা দিয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়ক ওমর সানী। মৌসুমীকে বাংলা চলচ্চিত্রের ‘শেষ মেগাস্টার’ উল্লেখ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর একটি ছবি প্রকাশ করেন ওমর সানী। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি…।’
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ঢাকাই সিনেমায় মৌসুমীর অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে আরেকটি ফেসবুক পোস্টেও স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান ওমর সানী। সেখানে মৌসুমীর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সম্মান কামনা করে দোয়া করেন তিনি। স্ত্রীকে নিজের পরিবারের ‘তাজ’ হিসেবে উল্লেখ করে লেখেন, সব সময় যেন তিনি পরিবারের সম্মান ও ভালোবাসার জায়গায় থাকেন।
পোস্টে মৌসুমীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানিয়েছেন এই অভিনেতা। আগামী বুধবার (৪ নভেম্বর) ঢাকার সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে তবারক বিতরণের পরিকল্পনা রয়েছে। এ আয়োজন সফল হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। সে হিসাবে আজ তাঁর ৫৩তম জন্মদিন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনীত প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।
এরপর অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন মৌসুমী। অভিনয়ের সুবাদেই চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক, যা পরিণতি পায় বিয়েতে। ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই তারকা দম্পতির সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
দীর্ঘদিনের দাম্পত্য জীবনে নানা আলোচনার মধ্যেও মৌসুমীর জন্মদিনে ওমর সানীর এমন ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা নতুন করে ভক্তদের নজর কেড়েছে।
