বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে ভক্তদের সাক্ষাতের দীর্ঘদিনের একটি ঐতিহ্য রয়েছে। প্রতি রোববার মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে এসে অনুরাগীদের অভিবাদন জানান তিনি। তবে এবার সেই পরিচিত মুহূর্তে দেখা গেল ভিন্ন চিত্র। ভক্তদের সামনে এলেও অমিতাভকে থাকতে হয়েছে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বিশেষ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়। এরপর মুম্বাই পুলিশের পরামর্শে তাঁর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বাড়ির বাইরে তৈরি করা হয় স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বিশেষ ব্যবস্থা।
গত রোববার সেই কাচের আড়াল থেকেই ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই অভিনেতা। এ সময় তাঁর পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। পুরো এলাকায় নিরাপত্তারক্ষীদের বাড়তি তৎপরতাও চোখে পড়ে।
জানা গেছে, শুধু অমিতাভের বাড়ি নয়, মুম্বাইয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিকে ঘিরেও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো একটি হুমকিমূলক ই-মেইলে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভের বাসভবন জলসা এবং কয়েকটি স্কুলে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ই-মেইলে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে হামলার আশঙ্কার কথা জানানো হয়। বিষয়টি সামনে আসার পর মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সতর্ক অবস্থান নেয়। হুমকির উৎস এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে অমিতাভ বচ্চনসহ কয়েকজন তারকার বাসভবনের আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি বা রেকি করার তথ্য সামনে এসেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এসব ঘটনার পর অমিতাভ বচ্চনের বাসভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বাড়ির সামনে ব্যারিকেড, অতিরিক্ত নিরাপত্তারক্ষী এবং বুলেটপ্রুফ কাচের সুরক্ষা যুক্ত করা হয়েছে।
তবে নিরাপত্তার এত কড়াকড়ির মধ্যেও ভক্তদের সঙ্গে সম্পর্কের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখেছেন অমিতাভ বচ্চন। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে আসা অনুরাগীদের নিরাশ করেননি তিনি। কাচের নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকেই তাঁদের অভিবাদন জানিয়েছেন বলিউডের এই কিংবদন্তি তারকা।
সব মিলিয়ে, সাম্প্রতিক হুমকি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে অমিতাভ বচ্চনের পরিচিত রোববারের সাক্ষাৎ এবার পেয়েছে নতুন রূপ। তবে তাঁর ভক্তদের সঙ্গে এই বিশেষ যোগাযোগ যে এখনো অটুট, সেটিই আবারও প্রমাণিত হলো।
