বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের টিকিট বিক্রয় বুথে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু করা হয়েছে। বুধবার থেকে এই কাউন্টারে যাত্রীদের সেবা দেওয়া শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয়কেন্দ্রটি আবার চালু করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাউন্টারে টিকিটসংক্রান্ত সেবা পাওয়া যাবে।
এদিকে, বলাকা ভবনের বিক্রয় বুথে কারিগরি জটিলতার কারণে যাঁরা টিকিট ইস্যু করতে সমস্যায় পড়ছেন, তাঁরা আশকোনা হজ ক্যাম্পের পাশাপাশি মতিঝিলের বিক্রয়কেন্দ্র থেকেও সেবা নিতে পারবেন।
পরিস্থিতি অনুযায়ী টিকিট বিক্রির কার্যক্রমে কোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা দেওয়া হলে তা যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
