দেশের শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার আয়োজন ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব প্রচার করতে যাচ্ছে এনটিভি। আগামী ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় দেখা যাবে প্রতিযোগিতাটির নতুন পর্ব।
প্রায় এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় তিন লাখ শিশু-কিশোর। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ১০০টি আঞ্চলিক পর্বের পর বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে।
প্রতিযোগীরা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতাসহ নানা বিষয়ে নিজেদের দক্ষতা তুলে ধরবে। বয়সের ভিত্তিতে গঠিত তিনটি বিভাগ থেকে নির্বাচিত হবেন দেশের সেরা তিন অলরাউন্ডার।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি বিভাগের সেরা অলরাউন্ডারদের প্রত্যেকে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবে। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিজয়ীদের জন্য পদকসহ মোট এক কোটি টাকার শিক্ষাবৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।
শিশু-কিশোরদের বহুমুখী প্রতিভা, সৃজনশীলতা ও মেধার লড়াই উপভোগ করতে দর্শকদের চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।
